জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের হওয়া মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. আজিজুল হক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের পিপি ওমর ফারুক ফারুকী আবেদনটির পক্ষে মত দেন, তবে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
আবেদনে বলা হয়, মামলার তদন্তে মমতাজ বেগমের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার দেখানো হলে জিজ্ঞাসাবাদের সুযোগ তৈরি হবে এবং পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হতে পারে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুরে চলমান আন্দোলনের সময় বাদী মো. মুক্তার হোসেন অংশ নিলে সেখানে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তিনি আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মমতাজ বেগমকে সন্দিগ্ধ আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠান। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, লোকসংগীতশিল্পী হিসেবে পরিচিত মমতাজ বেগম নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে তিনি পরাজিত হন।