ফ্যাসিবাদের উত্থানের যেকোনো চেষ্টা আর সফল হবে না, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মিছিলটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয়।
রিজভী বলেন, ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত বা অপতৎপরতা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন বিভিন্নভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের ভিত্তিতে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, যার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।
বিএনপি নেতা দাবি করেন, দল ও জোটের নেতৃত্বে অতীতে কোনো ধরনের গুম, ক্রসফায়ার বা মিথ্যা মামলার ঘটনা ঘটেনি, বরং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় ছিল।
এ সময় তিনি দেশবিরোধী ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।