সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পিছিয়েছে। আদালত এ নিয়ে মোট ১২৭তম বারের মতো সময় বাড়িয়ে আগামী ২২ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন। পরে আদালত নতুন তারিখ ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় আসামিদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর জামিনে আছেন, পলাশ জামিনে গিয়ে পলাতক এবং বাকি আসামিরা কারাগারে রয়েছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের বাসায় হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।
শুরুতে শেরেবাংলা নগর থানার এক এসআই তদন্ত করেন, পরে ডিবি পুলিশের কাছে দায়িত্ব যায়। দুই মাসের বেশি সময়েও কোনো অগ্রগতি না হওয়ায় পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল র্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর উচ্চ আদালত মামলাটির জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় এবং র্যাবকে তদন্ত থেকে সরিয়ে দেয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে।