পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ জামান, ওসি (তদন্ত) মো. জিলোন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাস, প্রতিমন্ত্রীর প্রতিনিধি মহিবুল্লাহ এনিম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আ. রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, প্রেসক্লাব গলাচিপার সভাপতি সাংবাদিক মিল্টন মাহমুদ, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, সরকারি মডেল মসজিদের খতিব মো. দলিল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৈয়দ জামান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং পুলিশকে সহযোগিতা করতে হবে।
এছাড়াও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. বাবুল মুন্সি, মো. জাহাঙ্গীর হোসেন টুটু, মো. মাসুদ, সাংবাদিক মিল্টন মাহমুদ এবং সাবেক অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
সভায় গলাচিপা পৌর এলাকার টাউনখাল খনন কাজে অনিয়ম, চিকনিকান্দী ও পানপট্টি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গরু চুরি, নদীতে অবৈধ জাল দিয়ে পোনা মাছ শিকার, মাদকের বিস্তার, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, হাটবাজারে অসাধু গরু ব্যবসায়ী, জাল টাকা সরবরাহ, অবৈধভাবে ফুটপাত দখল এবং কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।