সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা-এর ১৫ বছরের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৮ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের পক্ষে আবেদন করেন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম। আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে পলক দম্পতির বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক অনুসন্ধানে তাদের নামে প্রায় ৯ কোটি ৯৮ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয়েছে। এছাড়া ৩১টি ব্যাংক হিসাবে প্রায় ২২ কোটি ৯৪ লাখ টাকা জমা এবং ১৭ কোটি ৫৮ লাখ টাকার বেশি উত্তোলনের তথ্যও পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
দুদক জানায়, ২০০৮-০৯ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত দাখিল করা আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ড তদন্তের স্বার্থে প্রয়োজন। এসব নথি জব্দ না করলে গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট বা গোপনের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তদন্ত চলমান রয়েছে বলেও জানানো হয়।