ইসলামী ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মক্তব ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১৮ মে) দশমিনা উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা আব্দুর রহিম। এ সময় বক্তব্য দেন মাওলানা খলিলুর রহমান, ফেরদৌসি বেগম, মাওলানা আল মামুনসহ অনেকে।
বক্তারা জানান, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এর অষ্টম পর্যায় চলমান রয়েছে। তাদের দাবি, প্রকল্পের আওতায় বর্তমানে প্রায় ১ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে এবং ৭১ হাজার ৯৯৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন।
তারা আরও বলেন, স্বল্প সম্মানীতে দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে চাকরি জাতীয়করণের দাবি জানালেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধনে উপজেলার শতাধিক শিক্ষক অংশ নেন।