পটুয়াখালীর দশমিনা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন এর মাছুয়াখালী এলাকার বড় মল্লিক বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ নলখোলা বাজার এলাকা থেকে তথ্য পেয়ে মাছুয়াখালী গ্রামের সোহরাব মুন্সির বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ বাবলু মিয়া (৪৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা পুরোনো চেক লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নীল পলিথিনে রাখা ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।