রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই মিরপুর এলাকায় কিশোর সিয়াম সরদার নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের বাবা সোহাগ সরদার গত ১২ সেপ্টেম্বর মামলাটি করেন। ওই মামলায় আসাদুজ্জামান নূরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে পুলিশ। পরে ঢাকার সিএমএম আদালত তাকে ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নূরের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে।