গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশের সাত বিভাগে ধারাবাহিকভাবে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কর্মসূচির কথা জানান জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তিনি জানান, চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ২ মে সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। এরপর ১০ মে চট্টগ্রাম মহানগরীতে ১১ দলের সেমিনার অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে জেলা ও মহানগরগুলোতে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
নতুন কর্মসূচি অনুযায়ী, ১৬ মে রাজশাহীতে, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ আয়োজন করা হবে।
জোটের পক্ষ থেকে আরও জানানো হয়, জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করে আন্দোলনের কার্যক্রম আরও সংগঠিত করা হবে। পাশাপাশি বিভিন্ন জেলা ও মহানগরে রাজনৈতিক নেতৃবৃন্দের সফর এবং পেশাজীবী ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় কর্মসূচিও নেওয়া হবে।
এছাড়া আগামী অক্টোবরের দিকে রাজধানীতে বড় ধরনের গণসমাবেশ করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।