নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, বুধবার (২৯ এপ্রিল) শুনানি শেষে এদিন রায়ের জন্য ধার্য ছিল।
অন্যদিকে, আইভীর বিরুদ্ধে থাকা আরও পাঁচ মামলার জামিন বিষয়ে আগামী ৩ মে আপিল বিভাগে আদেশ দেওয়া হবে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম-এর নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকা থেকে আইভীকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দিলেও তা আপিল বিভাগে স্থগিত হয়। এর মধ্যে গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দিয়েছিল। এসব মামলার মধ্যে চারটি হত্যা মামলা এবং একটি হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা।
হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে গত ৫ মার্চ চেম্বার আদালত সেই জামিন স্থগিত করে এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। এর মধ্যেই নতুন করে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।