ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরের পর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে, বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের মনোনীত ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তবে মনিরা শারমিনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য অসম্পূর্ণ থাকায় তার মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তাকে চাকরি সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত সময়—বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে ১০ম গ্রেডের কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন। নির্বাচন কমিশনের তথ্যমতে, তিনি মনোনয়নপত্রে সরকারি পে-স্কেলে বেতন গ্রহণের তথ্য উল্লেখ করলেও তার পদত্যাগ সংক্রান্ত বিস্তারিত নথি জমা দেননি।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো সরকারি চাকরিজীবী পদত্যাগ বা অবসর গ্রহণের পর কমপক্ষে তিন বছর অতিবাহিত না হলে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেন না। এই বিধানের আলোকে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।