হামের বিস্তার ঠেকাতে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক ও জনস্বাস্থ্য সংশ্লিষ্ট সবার সমন্বিত পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং স্বাস্থ্যখাতে অবহেলার কারণে দেশে হামের ঝুঁকি বেড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
তিনি জানান, মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ এলাকাকে ‘হটস্পট’ হিসেবে উল্লেখ করেন।
রিজভী আরও বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থা বিজ্ঞানের ওপর নির্ভরশীল, তাই সবার মধ্যে বৈজ্ঞানিক সচেতনতা বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি ও গবেষণায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা সম্মিলিতভাবে কাজ করলে হামের মতো সংক্রামক রোগ মোকাবিলা করা সম্ভব হবে।