ঢাকায় অভিযান চালিয়ে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের কারণসহ বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান।