ঢাকায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক পরিচালক ও বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছের (৬১)-কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, ২০০৭ সালের আলোচিত ‘ওয়ান-ইলেভেন’ সময়কার ঘটনাপ্রবাহ নিয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তারা ডিবির হেফাজতে রিমান্ডে রয়েছেন।
আফজাল নাছের ওই সময় ডিজিএফআইয়ের একজন প্রভাবশালী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত সংস্থাটিতে কর্মরত ছিলেন।
জানা যায়, ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন আফজাল নাছের। পরবর্তীতে ২০০৯ সালের ৫ নভেম্বর লেফটেন্যান্ট কর্নেল পদে থাকা অবস্থায় তাকে বরখাস্ত করা হয়।