বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করে।
মির্জা আব্বাসের ভাগ্নে ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
মির্জা আব্বাসের সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন তার স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে তার প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য সব ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।