নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী রহমানকে পৃথক ৫ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এ মামলাগুলো হলো ফতুল্লা থানায় দায়েরকৃত বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।
অপর একটি মামলা সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা হয়েছিল। আসামিপক্ষের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু।
গত বছরের ৯ মে ভোররাতে দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দেন, যদিও তা আপিল বিভাগের মাধ্যমে স্থগিত হয়। ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।