অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। আদালত জানান, একটি ধারার সাজা শেষ হওয়ার পর অন্য ধারার সাজা কার্যকর হবে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ১২ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। পরবর্তী সময়ে ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষ করে তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
গত বছরের ১৭ জুলাই আদালত অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু করেন এবং একই সঙ্গে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয় চলতি মাসের ২ ফেব্রুয়ারি। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ৯ ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করা হয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।