ঢাকা-৮ আসনে ভোটের ফলাফলে অনিয়মের অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে তিনি ভোট পুনঃগণনার মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং এর আগ পর্যন্ত ওই আসনের শপথ পাঠ অনুষ্ঠান স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও তার নেতা-কর্মী, এজেন্ট এবং পরিবারের সদস্যরা ভোট কারচুপি, প্রভাব বিস্তার এবং নির্বাচনী ফলাফল আটকে রাখাসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন।
আবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইজিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসারও এই নির্বাচনী অনিয়মে জড়িয়ে পড়েন এবং ভোট কারচুপির মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীর পরিবর্তে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়।
বেসরকারি ফলাফলের ভিত্তিতে দেখা যায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫৯,৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, আর নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪,১২৭ ভোট।
নাসীরুদ্দীন পাটওয়ারী ইসিকে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং কিছু নির্বাচনী কেন্দ্রের নাম উল্লেখ করে সেখানে অনিয়মের বিস্তারিত তথ্যও প্রদান করেছেন।