মুন্সীগঞ্জে নির্বাচনের সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রে প্রবেশ পথের সামনের এলাকায় প্রায় ১০টি ককটেল একের পর এক বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ঘটনায় কিছু সময়ের জন্য ভোট গ্রহণ কার্যক্রম স্থগিত রাখা হয়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩০ মিনিট পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেন্দ্রের ভেতরে ভোট গ্রহণ স্বাভাবিকভাবে অব্যাহত থাকে।