বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সমর্থনে ইনসাফভিত্তিক সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর মেহেরবানিতে যদি ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় অর্জিত হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখা যাবে। আমরা সবাই হাতে হাত রেখে একসঙ্গে দেশ গঠনের কাজে এগিয়ে যাব।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হচ্ছে ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন। যারা রক্তের সঙ্গে বেইমানি করবে, ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না।
তিনি আরও বলেন, সারা দেশ আজ জেগে উঠেছে। জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—তারা পুরোনো বন্দোবস্তে আর ফিরে যেতে চায় না। তারা বস্তাপচা রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং একটি নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক ধারার উত্থান দেখতে চায়।