জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জনও প্রশ্নের মুখে পড়বে। তাই যেভাবে ৫ আগস্টের আন্দোলন সফল হয়েছিল, ঠিক সেভাবেই ভোটের দিনও বিজয় নিশ্চিত করতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় আয়োজিত এনসিপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
জনসভায় নাহিদ ইসলাম ঢাকা-১১ এলাকার দীর্ঘদিনের উন্নয়ন সংকটের জন্য রাজনৈতিক প্রভাবশালী মহলের ভূমিদস্যুতাকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, এলাকার খাস জমি ও প্রাকৃতিক জলাশয় দখল ও ভরাট করে সাধারণ মানুষের শত শত পরিবারকে সর্বস্বান্ত করা হয়েছে, যার ফলে পরিকল্পিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে এনসিপি আহ্বায়ক বলেন, শুধু ঢাকা-১১ নয়, সারা দেশেই ১১ দলীয় ঐক্যজোটের বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ গঠনে এই জোট নেতৃত্ব দেবে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জোটভুক্ত সব প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা ও ভোট দেওয়ার আহ্বান জানান।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী একটি শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদের পরিকল্পনা রুখে দিতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দখলদারত্ব, আধিপত্যবাদ ও সন্ত্রাসমুক্ত করার আহ্বান জানান তিনি।
ভোটকেন্দ্র পাহারার বিষয়ে তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণরাই এই নির্বাচনের প্রধান শক্তি। ইনশাআল্লাহ, জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারিতে বিজয় নিশ্চিত হবে।