আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার প্রতিবাদে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, আজ দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদ জানানো হবে। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, এর আগে বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসনের আয়োজিত ওই অনুষ্ঠানে বসার আসন নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন জামায়াতে ইসলামীর এক নেতা, যিনি পরে মারা যান।