আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলার ঐতিহাসিক মাদরাসা মাঠে (হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান সকালেই বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহীতে পৌঁছে প্রথমে স্থানীয় একটি হোটেলে তরুণদের সঙ্গে বিশেষ সংলাপে অংশ নেবেন, যেখানে আগামীর বাংলাদেশ গঠন এবং তরুণদের প্রত্যাশা নিয়ে মতবিনিময় করবেন।
এরপর রাজশাহীর জনসভা শেষে তিনি রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ—এই তিনটি জেলার সব সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। জানা যায়, জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মীরাসহ সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশে তিন লক্ষাধিক জনসমাগমের লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
এর আগে, ২০০৩ সালে বিএনপির নেতা-কর্মীদের প্রশিক্ষণ উপলক্ষে রাজশাহী সফর করেন তারেক রহমান।