প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল বয়স ৯০ বছর।
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।
পোস্টে তারেক রহমান বলেন, স্যার মার্ক টালির প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন সম্মানিত সাংবাদিক এবং বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু। বিবিসির হয়ে কাজের মাধ্যমে তিনি আমাদের মুক্তিযুদ্ধ এবং এ দেশের মানুষের সংগ্রাম, আশা ও ঘুরে দাঁড়ানোর গল্প সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। তার সাংবাদিকতা ছিল সৎ, মানবিক এবং সত্যের প্রতি গভীর শ্রদ্ধায় নিহিত। একটি জাতি হিসেবে বাংলাদেশের গঠনলগ্নে এবং সংকটকালীন সময়ে তার সংহতি ও সাহসী সাংবাদিকতা বাংলাদেশ সব সময় স্মরণে রাখবে। তার এই অবদানের জন্য আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ।
এছাড়া মার্ক টালির বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও বিবিসিতে তার দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মার্ক টালি ছিলেন একজন প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক, লেখক ও সম্প্রচারক। তিনি দীর্ঘদিন বিবিসি এর দিল্লী চিফ হিসেবে ছিলেন। তিনি বেশ কিছু জনপ্রিয় বই ও লিখেছেন।
উল্লেখ্য, রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মার্ক টালি। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং গত এক সপ্তাহ ধরে সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।