রাজধানীর মিরপুরের পীরেরবাগে জামায়াতের নারী কর্মীদের হেনস্তার ও হামলার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২১ জানুয়ারি) হাসপাতালে আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর শেষে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
জামায়াত আমির বলেন, বিএনপির লোকেরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের আবদ্ধ করে রেখেছে। কোনো ব্যক্তি বা দলের কোনো মব সৃষ্টি করার এখতিয়ার নাই, আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। আমরা দেখতে চাই মব যেন এখানেই শেষ হয়। দেশের মানুষ এখন অনেক সচেতন, মব করে জনগণের মত প্রভাবিত করার দিন শেষ।
তিনি আরও বলেন, সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য উপস্থাপন করবে এবং দলের অঙ্গীকারগুলো সামনে আনবে। একইসাথে নিজের চরিত্র ও কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। এরপর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে কার ওপর আস্থা রাখবে, সেই সিদ্ধান্ত জনগণের। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত শাসন চাই। আমি ৩০০ আসনের প্রার্থীদের অনুরোধ করবো- দয়া করে মানুষকে স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিতে দিন।