দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। নেতাকর্মীরা সফরটি ঘিরে নানা কর্মসূচির আয়োজন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই হবে তারেক রহমানের প্রথম সফর। ফলে এই সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তিনি।
জানা গেছে, হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সূচনা করবেন তারেক রহমান। এই মাঠে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ও ১৯৯১ সাল থেকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচার শুরু করে আসছিলেন। এবার সেই মঞ্চ থেকেই সিলেট ও সুনামগঞ্জের ১১ আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান।