চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। পরে অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে ১২ আসামিকে গ্রেফতার ও আগামী ২৬ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। নারায়ণগঞ্জ ক্লাবে কবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সকল অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ওবায়দুল কাদেরের সাথে ফোনে আলোচনা করে, শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন।