নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, মনোনয়ন যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যা আমরা মনে করেছি সেগুলো গতকাল তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে। একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ-সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি।