দৈনিক সকালের সময় পত্রিকার চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ জানুয়ারি) সকাল সড়ে ৯ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৫৩ বছর। তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে, আত্মীয়স্বজন,সহকর্মী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর মৃত্যুতে চকরিয়াসহ কক্সবাজারের সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি ১৯৭৩ সালের ৩ জুলাই কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
দীর্ঘদিন তিনি জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক,শুভানুধ্যায়ী ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এস.এম হান্নান শাহ সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি চকরিয়া ও আশপাশের এলাকার সামাজিক, রাজনৈতিক,মানবিক ও উন্নয়নমূলক নানা ইস্যুতে নিয়মিত সংবাদ পরিবেশন করে পাঠক মহলে আস্থা অর্জন করেন। সাধারণ মানুষের অধিকার ও বঞ্চনার কথা তুলে ধরতে তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়।
পেশাগত জীবনে তিনি ছিলেন নিরহঙ্কার,সহনশীল ও সহকর্মীবান্ধব। নবীন সাংবাদিকদের জন্য তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ পথপ্রদর্শক। তাঁর লেখনী ও আচরণে সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটত বলে সহকর্মীরা মন্তব্য করেছেন।
আজ বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হবে দক্ষিণ বাটাখালী বায়তুস সালাম জামে মসজিদে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে তাঁর মৃত্যুতে চকরিয়া কর্মরত সংবাদকর্মীগণ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের পেশাগত অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, এস.এম হান্নান শাহ ছিলেন একজন সৎ,আদর্শ ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।







Leave a Reply