মোহাম্মদপুরে স্বর্ণের দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

Posted by

রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে দোকানটির শাটার কেটে ও কলাপসিবল গেট ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক বলেন, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল দশটায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেটের তালা ও সাঁটারের তালা ভাঙ্গা। ভেতরে ঢুকে দেখি আমার দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। এখানে আমার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে। নগদ চার লাখ টাকাও খোয়া গেছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬শ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙে এবং সিন্দুকসহ বেরিয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কার্যক্রম শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *