বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আরও বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বড় পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কাজী জেসিন।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
কাজী জেসিন বলেন, দীর্ঘদিন ধরে বিটিভির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল এবং প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে। বর্তমান সময়ে বিটিভিকে একটি গ্রহণযোগ্য ও আস্থাশীল গণমাধ্যমে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে শুধু আগের অবস্থানে ফিরিয়ে নিতে চান না, বরং এটিকে আরও আধুনিক, মর্যাদাপূর্ণ ও ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠানে পরিণত করতে চান।
বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার কাজ সহজ নয় উল্লেখ করে জেসিন বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে পরিবর্তনের মাধ্যমে নতুন রূপ দেওয়া চ্যালেঞ্জিং। তবে এই কাজ আনন্দের এবং লক্ষ্য বাস্তবায়নে তাঁরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
এ উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা, শুভকামনা ও দোয়া চেয়েছেন বিটিভির মহাপরিচালক।