সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১ শিশু।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১৯-এ। অন্যদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামেও মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ৯১৮।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ২ শিশু। এ সময়ে ৯০৩ জন হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৯৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭৮০। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৮৯ জনের। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৮৯; চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।