চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অপরাধীদের তালিকা করা পুলিশের নিয়মিত কার্যক্রম। এসব তালিকা সময়ের সঙ্গে হালনাগাদ করা হয় এবং তালিকাভুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে না। রাজনৈতিক পরিচয় যাই হোক, অপরাধ প্রমাণিত হলে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে।
মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার ঘটনায় সরকারের বা পুলিশের ব্যর্থতা ছিল না বলেও দাবি করেন তিনি। ঘটনাটি তদন্তাধীন জানিয়ে তিনি বলেন, তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় পুলিশের এক কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।