দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৮০টি শিশু।
সোমবার (৩ আগস্ট)স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন করে ১১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৭ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৮ রোগী, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৯০৬ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৫১ শিশু। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৬ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৭ জনে।
এদিকে, চলতি সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫০ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী ১৬ হাজার ৪০৮ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন, যাদের মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।