জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোটো প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। এখনো হাজার হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। গত মঙ্গলবার কুমামোটোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ৩৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আরও দুজনের মৃত্যুর বিষয়টি যাচাই করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ৯ হাজারের বেশি মানুষ ২১০টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন। পাশাপাশি ৩ হাজার ৪০০টির বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পর কুমামোটোর ৬৯ হাজারের বেশি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে এখনো পানি সরবরাহ স্বাভাবিক হয়নি। এর মধ্যে প্রচণ্ড গরমে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শনিবার হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। বিভিন্ন এলাকায় পরিদর্শন শেষ হলে ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা আরও বাড়তে পারে।