দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৯ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে মোট এক লাখ ২৫ হাজার ৫৪৪ জন সন্দেহজনক হাম রোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ আট হাজার ৪৪১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ চার হাজার ২৩৫ জন।
এদিকে, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে তিনজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।