দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক দিনে নতুন করে ৯৯০ জনের মধ্যে সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ২৩৯ জন, যার মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৪৬৭ জন।
এদিকে, ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামজনিত কারণে ৭২৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ৯৫ জন।