ভারতের মহারাষ্ট্রে শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টিইটি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধান অভিযুক্ত বিজেন্দ্র গুপ্তকে বিহার থেকে গ্রেপ্তার করেছে থানে সিটি পুলিশ। শনিবার (২৫ জুলাই) পুলিশ জানায়, প্রায় এক মাস ধরে পলাতক থাকা বিজেন্দ্র ভুয়া নাম ও পরিচয়ে বিহারে আত্মগোপনে ছিলেন। পরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মহারাষ্ট্রের প্রায় ছয় লাখ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ এর আগে কয়েকজনকে গ্রেপ্তার করে এবং পরে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়।
পুলিশের দাবি, আগ্রার একটি ছাপাখানা থেকে গোপনে প্রশ্নপত্র বাইরে পাচার করা হয়েছিল। অভিযোগ রয়েছে, ছাপাখানার কয়েকজন কর্মীর মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে তা পরীক্ষার্থীদের কাছে বিক্রির চেষ্টা করা হয়। এই কাজে বিজেন্দ্র গুপ্তের সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্তকারীরা।
থানে সিটি পুলিশের কর্মকর্তা জানিয়েছেন, বিজেন্দ্রকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। একই সঙ্গে প্রশ্নপত্র কেনাবেচার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজছে পুলিশ।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। শিক্ষার্থী সংগঠনগুলো দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুসের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।