দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৮০৫ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ এক দিনে সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৮০৫ জনের মধ্যে ৭১০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯৫ জন মারা গেছে হাম আক্রান্ত হয়ে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৮৪৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে ১৫ হাজার ৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ২১ হাজার ২০০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮৮ জন।