ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ জোরদার হয়েছে। যন্তর মন্তরে আয়োজিত এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। পাশাপাশি এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়েছে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি জানান, অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে যারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এরই অংশ হিসেবে দিল্লিতে চলমান আন্দোলনে সরকারের জবাবদিহি ও কঠোর পদক্ষেপের দাবি জানানো হচ্ছে।