ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও ইরাকের সম্পর্ক শুধু প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্ক নয়; বরং এটি দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
বুধবার (২২ জুলাই) তেহরানে নবনিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত ইয়াসের আবদুলজাহরা আল-হাজ্জাজের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
পেজেশকিয়ান বলেন, দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক ও অভিন্ন স্বার্থ রয়েছে, যা কোনো সীমান্ত বা বাইরের প্রভাব দিয়ে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। তিনি বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, সংস্কৃতি ও রাজনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, আঞ্চলিক দেশগুলো পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারলে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।
বৈঠকে ইরাকি রাষ্ট্রদূত আল-হাজ্জাজ ইরান-ইরাক সম্পর্ককে কৌশলগত ও আস্থাভিত্তিক উল্লেখ করে জানান, ইরাকের প্রধানমন্ত্রীর আসন্ন তেহরান সফর দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।