বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন ও দূরদর্শী সরকার চায় বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে বিনিয়োগ করুন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার হোন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশীয় উদ্যোক্তা ও বিদেশি বিনিয়োগকারী—সবার জন্য সরকার সহায়ক পরিবেশ নিশ্চিত করবে। বিনিয়োগের নিরাপত্তা, সময়োপযোগী নীতিমালা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে সরকার তাদের পাশে থাকবে বলেও জানান তিনি।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক প্রযুক্তির প্রসার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তারেক রহমান জানান, বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী আইনি সুরক্ষা, সহজ কর ব্যবস্থা, দ্রুত সেবা প্রদান, মুনাফা প্রত্যাবাসনের সুযোগ, অবকাঠামো উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।
বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, তরুণ জনশক্তি, বড় অভ্যন্তরীণ বাজার ও কৌশলগত অবস্থানের কারণে দেশটি বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য একটি আধুনিক, বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত এবং বেসরকারি খাতনির্ভর অর্থনীতি গড়ে তোলা। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।