বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পিছিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও।
হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এই সূচকে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। এর আগে এই সংখ্যা ছিল ৩৭টি।
তবে গত বছরের তুলনায় অবস্থানে কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের। ২০২৫ সালের একই সময়ে বাংলাদেশ ছিল ১০০তম স্থানে। গত কয়েক বছরে বাংলাদেশের অবস্থান ওঠানামা করলেও সাম্প্রতিক সময়ে আবারও নিম্নমুখী হয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে সহজে ভ্রমণের সুবিধা পান। তালিকায় জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতও শীর্ষ অবস্থানে রয়েছে।
দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। এরপর ভারত ৮১তম, ভুটান ৮৮তম, মিয়ানমার ৯১তম এবং শ্রীলঙ্কা ৯৪তম স্থানে রয়েছে। বাংলাদেশের পরেই ৯৮তম অবস্থানে রয়েছে নেপাল।