নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর তিনি সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন।
রাহুলের দাবির মধ্যে রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দমন-পীড়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনা এবং শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার।
এর আগে মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ও কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
আটকের পর দেওয়া ভিডিও বার্তায় রাহুল অভিযোগ করেন, ভারতের শিক্ষা ব্যবস্থা সংকটে রয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সংসদের উভয় কক্ষে আলোচনার দাবি জানান তিনি।
তবে সরকারের পক্ষ থেকে কংগ্রেসের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, সরকার আলোচনায় প্রস্তুত থাকলেও কংগ্রেস শিক্ষার্থীদের স্বার্থের চেয়ে রাজনৈতিক কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে। সরকারের দাবি, সমস্যার সমাধানের বদলে বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে।