দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭০২টি শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৭ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৮ জন। এ সময়ে ১ হাজার ২১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৭৯ জন।
এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮ জন।