ভুল তথ্য, অপতথ্য ও ভুয়া ভিডিও ছড়িয়ে মানুষকে হয়রানি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ জন্য আইনজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং বেড়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজন অনুযায়ী আইন প্রয়োগ করবে।
ডা. জাহেদ উর রহমান জানান, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনায় সরকার কোনো ধরনের ছাড় দেবে না। তিনি বলেন, আইন ভঙ্গ করে দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। দেশের গ্যাস সম্পদ নিয়ে তিনি জানান, বর্তমান মজুত দিয়ে আরও প্রায় ২৫ বছর জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী আগস্ট থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু হবে। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড।
মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে দেরি হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি স্বীকার করছে সরকার। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।