কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন কর্মকর্তাদের দাবি, কানাডার বাজারে যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ি, অ্যালকোহল, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্য বৈষম্যের শিকার হচ্ছে। এ কারণেই যুক্তরাষ্ট্রের ১৯৩০ সালের শুল্ক আইনের ৩৩৮ নম্বর ধারা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের দপ্তর জানিয়েছে, কানাডা থেকে আমদানি হওয়া প্রায় ২ হাজার কোটি ডলারের পণ্যে নতুন এই শুল্ক কার্যকর হবে। এর আওতায় থাকবে দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, মাছ ধরার সরঞ্জাম, বীজ, পোশাকসহ বিভিন্ন পণ্য।
এদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য বিরোধ সমাধানে তার সরকার একটি বিস্তারিত প্রস্তাব তৈরি করছে। দুই দেশের নাগরিকদের স্বার্থে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করেন তিনি।
এর আগে থেকেই ট্রাম্প প্রশাসন অভিযোগ করে আসছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির জবাবে কানাডা ও চীন পাল্টা ব্যবস্থা নিয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন এই শুল্ক আরোপ করা হলো।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বড় বাণিজ্যিক সম্পর্ক থাকায় নতুন এই সিদ্ধান্ত দুই দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।