দিল্লিতে প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর পুলিশি অভিযানের ঘটনায় কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি এ ঘটনাকে শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়া এবং ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে এ ধরনের পুলিশি পদক্ষেপ বন্ধের দাবি জানান তিনি।
এর আগে, সংসদ অধিবেশন শুরুর আগে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি জানান রাহুল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরীক্ষা-সংক্রান্ত সংকট নিয়ে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদে বিস্তারিত আলোচনা প্রয়োজন। তরুণদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার কারণে তাদের ওপর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সোমবার দিল্লিতে হাজারো শিক্ষার্থী সংসদ অভিমুখে মিছিল করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। ঘটনায় পুলিশ সদস্য ও বিক্ষোভকারীদের অনেকে আহত হন।
এদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ঘটনার প্রতিবাদ জানিয়ে সংসদে এ বিষয়ে আলোচনার দাবি করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ন্যায্য দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কেন পুলিশি ব্যবস্থার মুখোমুখি হতে হলো।