দেশের বিচার ব্যবস্থার ওপর চাপ কমানো এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা (প্রি-কেস মেডিয়েশন) কার্যক্রম চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হওয়ায় বিচারপ্রার্থীদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে। পাশাপাশি আদালতে নতুন মামলার চাপও কমবে। বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন উল্লেখ করে তিনি বলেন, কার্যকরভাবে মধ্যস্থতা কার্যক্রম বাস্তবায়ন করা গেলে দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় অগ্রগতি সম্ভব।
মন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রি-কেস মেডিয়েশন চালুর পর বিভিন্ন আইনে নতুন মামলা দায়েরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে পারিবারিক আদালত ও বণ্টন সংক্রান্ত মামলায় বড় ধরনের হ্রাস দেখা গেছে।
তিনি আরও বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে অসহায় ও প্রান্তিক মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পাচ্ছেন। এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
আইনমন্ত্রী মধ্যস্থতাকারীদের জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ২১খ অনুযায়ী চালু হওয়া এ কার্যক্রমের আওতায় এখন থেকে বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল জেলায় নির্ধারিত ৭টি আইনের ক্ষেত্রে আদালতে মামলা করার আগে জেলা লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুর হোসেন সভাপতিত্ব করেন। এতে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লাসহ সংশ্লিষ্ট জেলার বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবী নেতারা অংশ নেন।