প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন সরকারের অন্যতম অগ্রাধিকার।
সোমবার (২০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হোংবোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বৈঠকে গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, শ্রমখাতে সরকারের চলমান সংস্কার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।
এ সময় শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।
প্রধানমন্ত্রী শ্রমখাতে চলমান সংস্কার এগিয়ে নিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রমখাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।